ফেনীতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। তিনি জানান, সম্প্রতি দেশে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সারাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ফেনীতেও এই বিশেষ ক্যাম্পেইন শুরু করা হচ্ছে। ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এক ডোজ MR টিকা দেওয়া হবে। মোট ১১ কর্মদিবসব্যাপী এ কার্যক্রম চলবে। এর মধ্যে প্রথম ৮ কর্মদিবস কমিউনিটি পর্যায়ে এবং শেষ ৩ কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, কমিউনিটি পর্যায়ে ১ লাখ ৬৫ হাজার ২২৯ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ২৮ হাজার ১৯২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় প্রতিদিন ফেনী জেলায় ৭টি স্থায়ী এবং ১ হাজার ৯৮টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১ হাজার ১০৫টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যারা ইতোমধ্যে নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় দুই ডোজ MR টিকা নিয়েছে, তাদেরকেও এই ক্যাম্পেইনে এক ডোজ করে টিকা দেওয়া হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। এছাড়া টিকা গ্রহণের জন্য vaxEPI.gov.bd এর মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে নিয়মিত ইপিআই টিকাদান কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেন, ডা. আমির খশরু তারেকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।